৪ মে ২০১৩ - ১৯:৩০
আফগানিস্তানে বোমা হামলায় ৫ মার্কিন সেনা নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে বোমা হামলায় পাঁচ মার্কিন সেনা নিহত হয়েছে।

বার্তা সংস্থা আবনা : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে বোমা হামলায় পাঁচ মার্কিন সেনা নিহত হয়েছে।

আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, আজ (শনিবার) হাতে তৈরি বোমার বিস্ফোরণে ওই পাঁচ সেনা নিহত হয়েছে। তবে বিস্ফোরণের স্থান কিংবা নিহত সেনাদের জাতীয়তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। অবশ্য, কান্দাহারের পুলিশ এবং নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, নিহতরা সবাই মার্কিন সেনা।

কান্দাহার গভর্নরের মুখপাত্র ফয়সাল জাভি বলেছেন, মেওয়ান্দ জেলায় বোমা হামলাটি হয়েছে। ওই জেলায় তালেবানদের অবস্থান শক্তিশালী। তবে এখন পর্যন্ত কেউ আজকের বোমা হামলার দায়িত্ব স্বীকার করেনি।

তালেবানরা গত রোববার দখলদার বাহিনীর বিরুদ্ধে বসন্তকালীন অভিযান শুরুর ঘোষণা দিয়ে বলেছে, দেশটিতে বিদেশি সেনাদের ঘাঁটি এবং কূটনৈতিক অঞ্চলগুলো তাদের হামলার প্রধান লক্ষ্য করা হবে।

এর আগে গত বুধবারে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে বোমা হামলায় তিন ব্রিটিশ সেনা নিহত হয়।

চলতি বছরের এ পর্যন্ত আফগানিস্তানে ৩৭ জন মার্কিন সেনাসহ ৪৭ জন বিদেশি সেনা নিহত হয়েছে।